ফেসবুক-ইনস্টাগ্রামে ফেস মাস্ক বিক্রি নিষিদ্ধ

৮ মার্চ, ২০২০ ১১:৪৩  
ফটকা কারবারি ঠেকাতে ‘মেডিকেল ফেস মাস্ক’ বিক্রির বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রাম। করোনাভাইরাস জরুরি অবস্থার সুযোগ নিয়ে যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা ফেঁদে না বসে, সে লক্ষ্যে এ ধরনের বিজ্ঞাপন বন্ধে সাময়িক ওই নিষেধাজ্ঞা জারি করেছে প্ল্যাটফর্ম দুটো। মাইক্রো ব্লগ টুইটারে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন ফেসবুকের আস্থা ও সততা বিভাগের প্রধান রব লেদার্ন ও ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসোরি। টুইটে ফেসবুকের রব লেদার্ন লিখেছেন, “আমরা ‘মেডিকেল ফেইস মাস্ক’ বিক্রি সম্পর্কিত বিজ্ঞাপন ও বাণিজ্য তালিকাকরণ নিষিদ্ধ করছি। আমরা কোভিড-১৯ ভাইরাসে সম্পর্কিত বিষয় নজরে রেখেছি এবং কোনো ব্যক্তিকে এই জনস্বাস্থ্য জরুরি অবস্থার সুযোগ নিতে দেখলে আমাদের নীতিমালায় জরুরি আপডেটগুলো নিয়ে আসছি।” এর পরপরই টুইট করেন ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসোরি। নিজ টুইটে মোসোরি লিখেছেন, “সরবরাহ কম, দাম বেশি এবং জনস্বাস্থ্য জরুরি অবস্থার সুযোগ নিচ্ছেন এ ধরনের ব্যক্তির বিরুদ্ধে আমরা। আগামী কয়েকদিনের মধ্যে আমরা এটি শুরু করছি।”